প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব সময়-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে উদ্ভাবনী প্রতিযোগিতা ‘দ্যা আইডিয়াস চ্যালেঞ্জ–২০২৫’। শনিবার (১ নভেম্বর) এআইইউবি ক্যাম্পাসে আয়োজিত এ প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ছিল ‘আইডিয়াস দ্যাট চেঞ্জ লাইভস অ্যান্ড শেপ দ্য ফিউচার’।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য জনাব ইশতিয়াক আবেদীন। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, উপদেষ্টা ও ভারপ্রাপ্ত ডিন (ব্যবসায় প্রশাসন অনুষদ) প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রক্টর প্রফেসর ড. মঞ্জুর এইচ. খান, ক্লাব মেন্টরবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, ক্লাব সদস্য এবং শিক্ষার্থীরা।
এবারের প্রতিযোগিতায় দেশের ৫০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)–এর সঙ্গে সম্পর্কিত নানা বিষয়ে-যেমন যুব কর্মসংস্থান ও লিঙ্গ বৈষম্য, শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা, দারিদ্র্য বিমোচন, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো ও উদ্ভাবন, জলবায়ু পরিবর্তন, খাদ্য ও বর্জ্য ব্যবস্থাপনা-নিয়ে সৃজনশীল প্রকল্প ও পোস্টার উপস্থাপন করেন।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিচারকদের রায়ের ভিত্তিতে নির্বাচিত বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম। এসময় সহ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, ‘দ্যা আইডিয়াস চ্যালেঞ্জ–২০২৫ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাশক্তি বিকাশের মাধ্যমে সামাজিক উন্নয়ন ও অবদানের ধারণাকে আরও সমৃদ্ধ করবে। পাশাপাশি এটি পারস্পরিক শেখার সুযোগ সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’