প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্, নভম্বর ৫, ২০২৫
সারাদিন ডেস্ক
ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একটি প্রতিষ্ঠান জাকির নায়েককে ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। তিনি ঢাকার বাইরে যাওয়ার পরিকল্পনাও করেছিলেন। তবে সম্প্রতি তাঁর সফর ঘিরে নানা আলোচনা শুরু হয়।
সভায় জানানো হয়, জাকির নায়েক বাংলাদেশে এলে ব্যাপক জনসমাগমের আশঙ্কা রয়েছে। জনসমাগম নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের প্রয়োজন হবে। তবে বর্তমানে জাতীয় নির্বাচনের প্রস্তুতির কারণে অতিরিক্ত সদস্য মোতায়েনের সুযোগ নেই।
এ পরিস্থিতিতে সভায় সিদ্ধান্ত হয়, জাতীয় নির্বাচনের পর তাঁর সফর বিবেচনা করা যেতে পারে, তবে নির্বাচনের আগে নয়।
উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকার হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর ভারত সরকার জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসে উসকানি ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগ আনে। এরপর তিনি দেশ ছাড়েন এবং মালয়েশিয়ায় আশ্রয় নেন, যেখানে বর্তমানে তিনি স্থায়ীভাবে বসবাস করছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।