প্রকাশিত: ৫:০৮ অপরাহন, নভম্বর ৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের দল ‘টেক উইং’ বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৫-এ ‘বিজনেস সার্ভিসেস (স্টুডেন্ট বিভাগ)’ ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে।
দলের সদস্যরা হলেন কিয়াস মাহমুদ, মো. মারুফ হোসেন মুন্না এবং সাইদা শাকিরা আক্তার। তাদের উদ্ভাবিত প্রকল্প ‘হাইব্রিড ফ্রড শিল্ড’ অনলাইন আর্থিক প্রতারণা শনাক্ত ও প্রতিরোধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে সক্ষম।
গত ১৮ অক্টোবর ২০২৫ তারিখে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-তে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবক ও তরুণদের সাফল্য উদযাপন করা হয়।
প্রকল্পটির তত্ত্বাবধানে ছিলেন এআইইউবি-এর কম্পিউটার সায়েন্স বিভাগের প্রফেসর ড. আফরোজা নাহার এবং সহকারী অধ্যাপক নুজহাত তাবাসসুম। তাদের দিকনির্দেশনায় শিক্ষার্থীরা এমন এক উদ্ভাবনী প্রযুক্তি তৈরি করেছেন, যা তাৎক্ষণিকভাবে অনলাইন প্রতারণা শনাক্ত করে নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
‘টেক উইং’ দলটি এখন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স অ্যাওয়ার্ডস ২০২৫-এ, যা অনুষ্ঠিত হবে ৪ থেকে ৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
এই অর্জন এআইইউবি শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার একটি উজ্জ্বল উদাহরণ, যা বাংলাদেশের তরুণ প্রজন্মকে ডিজিটাল উদ্ভাবনের পথে এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।