প্রকাশিত: ৮:০৭ অপরাহন, নভম্বর ৫, ২০২৫
সারাদিন ডেস্ক
ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় প্রগতি সরণিতে পাইপলাইন স্থাপনের কাজ শুরু হচ্ছে বৃহস্পতিবার (৬ নভেম্বর)। এতে রাজধানীর নতুনবাজার-রামপুরা ব্রিজ ও নতুনবাজার-কাকলী সড়কে তীব্র যানজটের আশঙ্কা তৈরি হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম মুরাদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই’ প্রকল্পের প্যাকেজ-৩.১ (ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট পাইপলাইন) এর আওতায় প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ বিভিন্ন ব্যাসের (১৬০০ থেকে ৫৬০ মিলিমিটার) ডিআই ও এইচডিপিই পাইপলাইন স্থাপন করা হবে।
প্রথম ধাপে বৃহস্পতিবার থেকে সেকশন-ডি (নতুনবাজার থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত) এবং সেকশন-ই (নতুনবাজার থেকে কাকলী পর্যন্ত) অংশে কাজ শুরু হবে।
ওয়াসা জানায়, পাইপলাইন স্থাপনের সময় সার্বক্ষণিক যান চলাচল অব্যাহত থাকবে। তবে রামপুরা ব্রিজ থেকে শুরু করে পর্যায়ক্রমে ৪০০ মিটার দৈর্ঘ্যের অংশে মিডিয়ান বরাবর উভয়পাশের তিন মিটার করে দুই লেন বন্ধ থাকবে।
এ সময় সাধারণ মানুষ ও পরিবহন চালকদের যথেষ্ট সময় নিয়ে বের হতে এবং প্রয়োজনে বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ জানিয়েছে ওয়াসা।
গণবিজ্ঞপ্তিতে সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে বলা হয়, উন্নয়নমূলক এই কাজ শেষ হলে রাজধানীর এই এলাকায় পানি সরবরাহ আরও টেকসই ও নিরবচ্ছিন্ন হবে।