Print

সারাদিন

আফগানিস্তানে ফের হামলা চালিয়েছে পাকিস্তান

প্রকাশিত: ১১:৫৯ অপরাহন, নভম্বর ৬, ২০২৫

সারাদিন ডেস্ক

তুরস্কের ইস্তাম্বুলে যুদ্ধবিরতি জোরদারের লক্ষ্যে নতুন করে আলোচনা চলার মাঝেই আফগানিস্তানের ভূখণ্ডে গোলাবর্ষণ করেছে পাকিস্তান-এমন অভিযোগ তুলেছে কাবুল। বৃহস্পতিবার আফগান সামরিক বাহিনীর একজন কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

আফগান সামরিক সূত্র জানায়, পাকিস্তান হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে বেসামরিক এলাকায় গোলা নিক্ষেপ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে পাকিস্তানের সেনারা গোলাবর্ষণ চালায়।

পরিচয় প্রকাশ না করার শর্তে আফগান এক সামরিক কর্মকর্তা বলেন, ইস্তাম্বুলে চলমান আলোচনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখনও পাল্টা আঘাত করিনি।

এই বিষয়ে পাকিস্তানের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

গত মাসের শুরুর দিকে কাবুলে একাধিক বিস্ফোরণের পর সীমান্তে সংঘর্ষে অন্তত ৭০ জন নিহত হন বলে জানিয়েছিল জাতিসংঘ। নিহতদের মধ্যে ৫০ জনই ছিলেন আফগান বেসামরিক নাগরিক। এই সংঘাতকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তালেবান ২০২১ সালে কাবুলে পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। বিশেষ করে সীমান্ত এলাকায় জঙ্গি তৎপরতা ও নিরাপত্তা ইস্যুতে পাল্টাপাল্টি হামলার ঘটনা বেড়েছে।

Nagad
Nagad

উল্লেখ্য, এই সংঘাত নিরসনে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় গত ১৯ অক্টোবর দোহায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায় ইসলামাবাদ ও কাবুল। তবে গত সপ্তাহে ইস্তাম্বুলে সেই চুক্তির চূড়ান্ত আলোচনায় অচলাবস্থা দেখা দেয়। উভয় পক্ষই একে অপরকে “অবিশ্বাসী আচরণের” অভিযোগে অভিযুক্ত করেছে।

বৃহস্পতিবার ইস্তাম্বুলে আলোচনার নতুন দফা শুরু হওয়ার কথা থাকলেও রাত পর্যন্ত বৈঠকটি আসলেই অনুষ্ঠিত হয়েছে কি না- তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আলোচনা ভেস্তে গেলে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে দুই দেশই হুমকি দিয়েছে। সূত্র: এএফপি