প্রকাশিত: ৯:২৬ অপরাহন, নভম্বর ১০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১১তম গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়ার পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন নাহার লিপি।
তিনি বলেন, ‘আমাদের দাবি ছিল ১০ম গ্রেড, তবে অর্থ মন্ত্রণালয় আমাদের জন্য ১১তম গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। তাদের প্রতি আস্থা রেখে আমরা আগামীকাল মঙ্গলবার(১১ নভেম্বর) থেকে সব কর্মসূচি প্রত্যাহার করছি।’
বৈঠকে শিক্ষকদের দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষক নেতাদের দাবিগুলো অর্থ মন্ত্রণালয়কে অবহিত করে এবং দ্রুত সমাধানের আশ্বাস দেয়।
বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, অর্থ বিভাগ ও প্রাথমিক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।