প্রকাশিত: ১:২০ অপরাহন, নভম্বর ১১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু, মুক্ত ও উৎসবমুখর হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (১১ নভেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছেন-এটি হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন। এবার আপনারা একটি সত্যিকার অর্থে মুক্ত, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে পাবেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবেই। যারা ঐক্যমত্য কমিশনের সঙ্গে কাজ করেছেন, তারা নয় মাস ধরে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনায় অংশ নিয়েছেন। আমরা আশা করছি, শিগগিরই সব মতভেদ দূর হবে।
নির্বাচন প্রস্তুতি প্রসঙ্গে প্রেস সচিব জানান, বিএনপি ইতিমধ্যে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, জামায়াতও প্রার্থী দিয়েছে। বড় দলগুলো এখন নির্বাচনমুখী। আমরা একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছি।
তবে তিনি নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পর্কে সতর্ক করে বলেন, ১৩ নভেম্বরকে সামনে রেখে তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সারাদেশে এখন পর্যন্ত সাতটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যা তাদের কাজ বলেই আমাদের ধারণা।
নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোট হতে পারে। সাম্প্রতিক ছাত্র নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়েছে—যা মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আস্থার প্রতিফলন।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জামাল হোসেন এবং থানা অফিসার ইনচার্জ মো. হিলাল উদ্দিন।