Print

সারাদিন

১৩ নভেম্বর ঘিরে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

প্রকাশিত: ৭:৩২ অপরাহন, নভম্বর ১১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

১৩ নভেম্বর ঘিরে রাজধানীতে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, নাগরিকদের সতর্ক থাকতে হবে, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া বা যানবাহন ভাড়া দেওয়ার আগে যাচাই করা জরুরি।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ‘ঢাকা মহানগরীর চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি’ বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘অন্যের মোটরসাইকেল ও যানবাহন ভাড়া নিয়ে কোনো দুর্বৃত্ত নাশকতা না করতে পারে সেজন্য ভাড়া দেওয়ার আগে যাচাই করে নেবেন। সন্দেহজনক কাউকে দেখলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানাবেন।’

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৭টি মামলা দায়ের করা হয়েছে এবং ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অক্টোবর থেকে এখন পর্যন্ত নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪টি ঝটিকা মিছিলের ঘটনায় মোট ৫৫২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘নাশকতা যারা করে ঢাকাবাসী তাদের প্রতিহত করবে। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে, ১৩ নভেম্বর ঘিরে কোনো ধরনের শঙ্কার সুযোগ নেই।’

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা কি সাম্প্রতিক নাশকতার সঙ্গে জড়িত? জবাবে ডিএমপি কমিশনার বলেন, আমরা সম্প্রতি বেশ কয়েকজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পদধারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছি। গত সপ্তাহে শেরেবাংলা নগর এলাকায়ও এমন কিছু গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়েছে।

Nagad
Nagad

সিসি ক্যামেরা স্থাপন প্রসঙ্গে ঢাকাবাসীকে আহ্বান জানান কমিশনার। বলেন, গুলশানের মতো বিভিন্ন এলাকায় যেভাবে সমিতি উদ্যোগে ক্যামেরা স্থাপন করা হয়েছে, অন্য এলাকাগুলোর বাসিন্দারাও যদি এভাবে উদ্যোগ নেয়, তাহলে নিরাপত্তা আরও জোরদার হবে।

হাইকোর্ট এলাকায় নিরাপত্তা প্রসঙ্গে কমিশনার সাজ্জাত আলী বলেন, মানুষ বিচার পাওয়ার জন্য আদালতে যায়। আমরা কখনোই বিচারপ্রার্থীদের বাধা দিতে চাই না। তবে নির্ধারিত দিনে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।