Print

সারাদিন

সেমিকন্ডাক্টর শিল্প: ‘ন্যানো টেকনোলজি, ডেটা সায়েন্স ও এআই কোর্স চালু করবে সরকার’

প্রকাশিত: ৮:০৫ অপরাহন, নভম্বর ১১, ২০২৫

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:

বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পকে বৈশ্বিক মানে পৌঁছে দিতে সরকার ন্যানো টেকনোলজি, ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ইউএলএসআই একাডেমি কোর্স চালু করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর গুলশানের নিকেতনে দেশের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর ডিজাইন প্রতিষ্ঠান উল্কাসেমি ভিএলএসআই ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আমরা ইন্ডাস্ট্রিকে টার্গেট করে সামনে ন্যানো টেকনোলজি, ডেটা সায়েন্স, এআই, ইউএলএসআই একাডেমি কোর্স চালু করবো। বাংলাদেশ হাইটেক পার্ক এটি নিয়মিতভাবে তদারকি করবে এবং প্রতি বছর কারিকুলাম রিভিউ করা হবে।

বিশেষ সহকারী আরও বলেন, নলেজ ইজ পাওয়ার উল্কাসেমি বাংলাদেশকে সেই পাওয়ার উপহার দিচ্ছে। জুলাই বিপ্লবের অন্যতম উদ্দেশ্য ছিল কর্মসংস্থান সৃষ্টি। আমরা আমাদের তরুণদের উন্নত জীবন এবং জ্ঞানভিত্তিক সমাজ উপহার দিতে পারলেই তা জুলাই বিপ্লবের তাৎপর্যময় বাস্তবায়ন হবে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে উল্কাসেমির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, বর্তমানে উল্কাসেমিতে ৫৭০ জন প্রকৌশলী কাজ করছেন। ২০২৬-২৭ সালের মধ্যে এই সংখ্যা ১,০০০-এ পৌঁছাবে এবং ২০৩০ সালের মধ্যে আমরা ৫,০০০ ইঞ্জিনিয়ার নিয়ে কাজ করার লক্ষ্য নির্ধারণ করেছি। এই প্রশিক্ষণকেন্দ্র সেই লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

এ সময় উল্কাসেমির সিওও ড. মিজান রহমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বুয়েট, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মিলিটারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এবং গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষাবিদ ও শিল্প বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

Nagad
Nagad

উল্লেখ্য, ভিএলএসআই (VLSI) হলো এমন একটি প্রযুক্তি, যা একক সিলিকন চিপে লক্ষাধিক ট্রানজিস্টর একত্রিত করার সুযোগ দেয়। বাংলাদেশের তরুণ প্রকৌশলীদের বিশ্বমানের চিপ ডিজাইন দক্ষতা অর্জনের সুযোগ করে দিতে উল্কাসেমির এই উদ্যোগ নেওয়া হয়েছে।