Print

সারাদিন

গাজীপুরে রাতভর দুর্বৃত্তদের তাণ্ডব: তিনটি বাসে অগ্নিসংযোগ

প্রকাশিত: ১:০৪ অপরাহন, নভম্বর ১২, ২০২৫

সারাদিন ডেস্ক

গাজীপুরে রাত থেকে ভোর পর্যন্ত দুর্বৃত্তদের আগুনে তিনটি বাস পুড়ে গেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত থেকে বুধবার (১২ নভেম্বর) ভোর পর্যন্ত জেলার শ্রীপুর, মহানগরীর ভোগড়া বাইপাস ও চক্রবর্তী এলাকায় পৃথক তিন স্থানে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রথম ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ১০টার দিকে গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকায়। চন্দ্রা-নবীনগর সড়কের পাশে জ্যোতি ফিলিং স্টেশনের সামনে পার্কিং করা একটি বাসে হঠাৎ আগুন ধরিয়ে পালিয়ে যায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, মোটরসাইকেলযোগে এসে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে।

দ্বিতীয় ঘটনা ঘটে ভোর পৌনে ৫টার দিকে শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায়। বনশ্রী পরিবহনের একটি বাসে পার্সোনাল ফিলিং স্টেশনের পাশে আগুন দেওয়া হয়। শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি পুড়ে গেলেও কেউ আহত হয়নি।

সবশেষ ঘটনা ঘটে ভোর ৫টার দিকে মহানগরীর ভোগড়া পেয়ারাবাগান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পার্কিং করা ভিআইপি পরিবহনের একটি বাসেও দুর্বৃত্তরা আগুন দেয়।

ভোগড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই এবং আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি।

Nagad
Nagad

পুলিশ বলছে, সাম্প্রতিক সময়ে ঢাকাসহ আশপাশের জেলায় যানবাহনে অগ্নিসংযোগের ধারাবাহিক ঘটনার অংশ হিসেবেই গাজীপুরে এই হামলাগুলো ঘটানো হয়েছে। অভিযুক্তদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।