প্রকাশিত: ৪:৫৪ অপরাহন, নভম্বর ১৩, ২০২৫
সারাদিন ডেস্ক
জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে দুপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুমোদন দেওয়া হয়। এরপর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আদেশের বিষয়বস্তু ও বাস্তবায়ন পদ্ধতির বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
ভাষণে প্রধান উপদেষ্টা জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। গণভোটে চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে জনগণ তাদের মতামত জানাবেন।
তিনি বলেন, আমরা সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না।
গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা।
সরকারি সূত্রে জানা গেছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ কার্যকর হওয়ার মাধ্যমে সংবিধান সংস্কার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।