প্রকাশিত: ৯:৩১ অপরাহন, নভম্বর ১৪, ২০২৫
সারাদিন ডেস্ক
দিল্লির লাল কেল্লার কাছে গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রধান সন্দেহভাজন ডা. উমর উন-নবীর বাড়ি ধ্বংস করে দিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় তার বাড়িতে এ অভিযান চালানো হয়।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দিল্লির নেতাজি সুভাষ মার্গের ট্রাফিক সিগন্যালের পাশে হুন্ডাই আই-২০ গাড়ি বিস্ফোরণে ১৩ জন নিহত ও ২০ জনের বেশি আহত হন। তদন্তে জানা যায়, বিস্ফোরণের সময় গাড়িটি চালাচ্ছিলেন চিকিৎসক উমর। ঘটনাস্থল থেকে উদ্ধার করা ডিএনএ নমুনা তার মায়ের নমুনার সঙ্গে মিলে গেলে বিষয়টি নিশ্চিত হয়।
কাশ্মীরে বাড়ি ধ্বংসের পদক্ষেপকে ভারতের নিরাপত্তা বাহিনী ‘দেশের ভেতরে সন্ত্রাসে সহায়তাকারীদের উদ্দেশে বার্তা’ বলে মন্তব্য করেছে। এর আগেও পহেলগামে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় যুক্তদের বিরুদ্ধে একই ধরনের অভিযান চালানো হয়েছিল।
দিল্লি বিস্ফোরণের আগে প্রায় ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক তৈরির উপাদান, অ্যাসল্ট রাইফেলসহ আধুনিক অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফরিদাবাদ থেকে উমরের দুই সহযোগী—চিকিৎসক মুজাম্মিল ও শাহিন সাঈদকে গ্রেফতার করা হয়েছে। তারা বর্তমানে হেফাজতে আছেন।
তদন্তকারী কর্মকর্তারা সন্দেহ করছেন, জইশ-ই-মোহাম্মদ ও আনসার গজওয়াতুল হিন্দ-সংযুক্ত একটি মডিউল বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল। সহযোগীদের গ্রেফতারের পর আতঙ্কে উমর নিজেই গাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।