প্রকাশিত: ৬:৩৩ অপরাহন, নভম্বর ১৫, ২০২৫
সারাদিন ডেস্ক
কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুওয়ত মহাসম্মেলনে উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়েছেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ। তিনি বলেছেন, ‘হারাম ও বাতিলের সঙ্গে কোনো আপস নেই। বিএনপি ও জামায়াত যদি ক্ষমতায় গিয়েও কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা না করে, তবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে।’
শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত এই মহাসম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি সরকারকে তওবা করে ‘ভালো পথে ফিরে আসার’ আহ্বান জানান। তিনি বলেন, ‘এই মাটি আলেম–ওলামার মাটি, পীর–দরবেশের ঘাঁটি। এখানে যত বজ্জাতি–শয়তানি হয়েছে, ভালো হয়ে যাও; না হলে খুনি হাসিনার মতো দেশ থেকে পালাতে হবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও দেশ–বিদেশের শীর্ষ আলেম–ওলামারা বক্তব্য দেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তাঁর বক্তব্যে দাবি আদায়ে প্রয়োজন হলে ঢাকা অবরোধ, সংসদ অভিমুখে লংমার্চ এবং সচিবালয় অচল করার হুঁশিয়ারি দেন।
ছয় দফা দাবি পেশ
মহাসম্মেলন থেকে কাদিয়ানিদের ইসলামি পরিচয় বন্ধ করা, তাদের সব ‘ইসলামবিরোধী’ প্রচারণা নিষিদ্ধসহ ছয় দফা দাবি উপস্থাপন করা হয়। এসব দাবি দ্রুত বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে তিন দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে—৩০ এপ্রিল পর্যন্ত গণস্বাক্ষর সংগ্রহ, মে–জুনে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান, জুলাই–নভেম্বর বিভাগীয় সম্মেলন।
বক্তারা জানান, শান্তিপূর্ণ কর্মসূচি পালনের পরও যদি দাবি বাস্তবায়িত না হয়, তবে ২০২৬ সালের ডিসেম্বরে জাতীয় ওলামা–মাশায়েখ সম্মেলন আহ্বান করা হবে।