Print

সারাদিন

নতুন ইউনিফর্মে পুলিশের যাত্রা শুরু

প্রকাশিত: ৭:৪৮ অপরাহন, নভম্বর ১৫, ২০২৫

সারাদিন ডেস্ক

অবশেষে নতুন ইউনিফর্ম পেল বাংলাদেশ পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)সহ দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটের সদস্যরা লৌহ (আয়রন) রঙের নতুন পোশাক পরে দায়িত্ব পালন শুরু করেছেন।

পুলিশের নতুন রঙ নির্ধারণ করা হয়েছে লৌহ রঙের, র‍্যাবের পোশাক জলপাই (অলিভ) এবং আনসারের পোশাক সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের বিরুদ্ধে দমন-পীড়নের সমালোচনার পর বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি জোরদার হয়। এতে সাড়া দিয়ে অন্তর্বর্তী সরকার নতুন ইউনিফর্ম অনুমোদন করে। এরই ধারাবাহিকতায় ডিএমপি, পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ ও নৌ পুলিশ নতুন পোশাক পরতে শুরু করেছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আজ থেকে সব মহানগরে পুলিশের নতুন পোশাক চালু হয়েছে। পর্যায়ক্রমে সব সদস্য এই পোশাক পাবেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন জানান, জেলা ও রেঞ্জ পুলিশও ধাপে ধাপে নতুন পোশাকে যুক্ত হবে। তবে এপিবিএন ও এসপিবিএন আগের পোশাকেই থাকবে।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। পুলিশ, র‍্যাব ও আনসারের জন্য তিনটা পোশাক সিলেক্ট করা হয়েছে। এটা ইমপ্লিমেন্ট হবে ধীরে ধীরে। একসঙ্গে সব করা যাবে না।

Nagad
Nagad

এক সময় বাংলাদেশ পুলিশের পোশাকের রং ছিল খাকি। এই রঙের পোশাকের ইতিহাস ব্রিটিশ আমলের সঙ্গে জড়িত। আমাদের এ অঞ্চল যখন ব্রিটিশশাসিত ছিল তখনই পুলিশ ব্যবস্থা চালু হয়, তবে প্রথম দিকে কোনো নির্ধারিত পোশাক ছিল না। কিছু সময় পর তাদের জন্য সাদা পোশাক করা হয়। কিন্তু এই পোশাক নিয়েও সমস্যা দেখা দেয়, সেটা হলো পুলিশ সদস্যদের সাদা ইউনিফর্ম ডিউটি করার সময় খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যেত। এতে ব্রিটিশ পুলিশের কর্মকর্তা-কর্মচারীরা খুবই বিচলিত হয়ে পড়তেন।

ফলে নোংরা আড়াল করতে পুলিশ সদস্যরা তাদের ইউনিফর্ম বিভিন্ন রঙে রাঙাতে থাকেন, যা ছিল বিব্রতকর। ১৮৪৭ সালে ব্রিটিশ অফিসার স্যার হ্যারি লুমসডেনের পরামর্শে পুলিশের ইউনিফর্ম হালকা হলুদ এবং বাদামি রঙের করা হয়। তারপর চা পাতা, পানি ব্যবহার করে সুতি কাপড়ের রং রঞ্জকের মতো তৈরি করে ইউনিফর্মের ওপর লাগানো হতো। ফলে পোশাকের রং খাকি হয়ে যায়। সেই বছরই পুলিশে খাকি রঙের পোশাক গৃহীত হয়।

মহান মুক্তিযুদ্ধের সময়ও বাঙালি পুলিশ সদস্যরা খাকি রঙের পোশাক ব্যবহার করেন। অনেকে অবশ্য সাদা পোশাকেও লড়াই করেছেন পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে। তবে দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ পুলিশের পোশাকে সবচেয়ে বড় পরিবর্তন আসে ২০০৪ সালে। ওই বছর পুলিশের পোশাক পরিবর্তন করে মহানগরগুলোয় হালকা জলপাই রঙের করা হয়। জেলা পুলিশকে দেওয়া হয় গাঢ় নীল রঙের পোশাক। র‍্যাবের কালো ও এপিবিএনের পোশাক তৈরি করা হয় খাকি, বেগুনি আর নীল রঙের মিশ্রণে।

এমনকি ২০০৯ সালেও কিছুটা পরিবর্তন আসে পুলিশের পোশাকে। ২০২০ সাল থেকেই বাংলাদেশ পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে আলোচনা চলছিল। ২০২১ সালের শুরুর দিকে পুলিশের বিভিন্ন ইউনিটের জন্য বেশ কয়েকটি পোশাকের ট্রায়ালও হয়। তারপরও নানান কারণে নতুন পোশাক পাননি পুলিশ সদস্যরা। তবে শুরু থেকেই র‍্যাবের কালো ইউনিফর্ম কখনো পরিবর্তন হয়নি।

নতুন রঙ, নতুন পরিচয়-এই পরিবর্তন পুলিশের কাজের পরিবেশ ও জনমতের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।