প্রকাশিত: ৯:১৯ অপরাহন, নভম্বর ১৫, ২০২৫
সারাদিন ডেস্ক
জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করলেও তাতে কোনো ফল হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেছেন, ‘ইলেকশন কেউ ঠেকাতে পারবে না। এবারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে।’
শনিবার (১৫ ডিসেম্বর) খুলনা মহানগর পুলিশ লাইনসে নির্বাচন-সংশ্লিষ্ট বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন আইজিপি।
তিনি বলেন, নির্বাচনের আগে পুলিশের দক্ষতা, সক্ষমতা বৃদ্ধি ও জনগণের আস্থা অর্জনের লক্ষ্যেই মাঠ পর্যায়ের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। “আগের মতো অযথা কাউকে হয়রানি না করে আইনশৃঙ্খলা বজায় রাখাই আমাদের লক্ষ্য। ক্রসফায়ার বা নাটকীয় ভয় সৃষ্টি করা দুর্বল প্রশাসনের কাজ—আমরা তা করতে চাই না,’ যোগ করেন বাহারুল আলম।
আইজিপি আরও জানান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। ইতোমধ্যে অনিয়মে জড়িত ২১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে এবং আরও ৩১ জনের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, বিতর্কিত পুলিশ সদস্যরা আগামী নির্বাচনে দায়িত্ব পালন করবেন না—এ বিষয়ে জানুয়ারিতে বিস্তারিত জানানো হবে।
তিনি আরও বলেন, যেসব পুলিশ সদস্য অনিয়মে জড়িত বা যাদের পরিশুদ্ধি সম্ভব নয়, তাদের নেতৃত্বের দায়িত্বে রাখা হবে না। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সবার সহযোগিতাও কামনা করেন আইজিপি।
এ সময় খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল ইসলাম, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকাল থেকে খুলনার বিভিন্ন পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন আইজিপি।