Print

সারাদিন

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯

প্রকাশিত: ৪:১৭ অপরাহন, নভম্বর ১৬, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

দেশে ডেঙ্গু পরিস্থিতি অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৯ জন রোগী।

রবিবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৬ জনে। আর শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ৯৯৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪১ জন, ঢাকা বিভাগে ২৪৬ জন—যার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮২ জন ও দক্ষিণ সিটি করপোরেশনে ১১৮ জন। খুলনা বিভাগে ১১৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯৬ জন, রাজশাহী বিভাগে ৪৬ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ১ জন ভর্তি হয়েছেন।

মৃত পাঁচজনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজন এবং ময়মনসিংহ বিভাগে দুজন রয়েছেন।

এ সময়ে ১ হাজার ১৯৯ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৮১ হাজার ৪৪২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Nagad
Nagad

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। ২০২৩ সালে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু এবং ৩ লাখ ২১ হাজার ১৭৯ জনের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে।