Print

সারাদিন

শেখ হাসিনার মামলার রায় আজ, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের দিকে সবার দৃষ্টি

প্রকাশিত: ৯:১৪ পূর্বাহ্, নভম্বর ১৭, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে আজ সোমবার (১৭ নভেম্বর)। ট্রাইব্যুনাল–১ এর এজলাস থেকে রায়ের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে, যা দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীর মানবতাবিরোধী অপরাধের রায় সরাসরি দেখানোর ঘটনা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার এবং সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী রায় ঘোষণা করবেন।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটাই প্রথম রায়, যা দেশে-বিদেশে ব্যাপক নজর কাড়ছে। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রায়ের দিন নির্ধারণ করেন আদালত।

ইতিহাসে প্রথম—মানবতাবিরোধী অপরাধে প্রধানমন্ত্রী সাজার মুখে
দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি হয়ে সাজার সম্ভাবনায় রয়েছেন। আন্দোলনে নিহতদের স্বজনরাও আজকের রায়কে সামনে রেখে অপেক্ষার প্রহর গুনছেন।

প্রসিকিউশন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে। মামলার অপর আসামি, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন রাজসাক্ষী হয়ে আদালতে সাক্ষ্য দিয়েছেন। তার খালাস চেয়েছেন আইনজীবীরা।

রায় সরাসরি দেখানো হবে বিটিভিতে, বড় পর্দায় দেখা যাবে গুরুত্বপূর্ণ স্থানে

Nagad
Nagad

আজ বেলা ১১টা থেকে রায় ঘোষণা শুরু হবে এবং বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। অনুমতি সাপেক্ষে দেশের সব গণমাধ্যমও ট্রাইব্যুনালের লিংক থেকে লাইভ দেখাতে পারবে। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় রায় দেখানোর প্রস্তুতি রয়েছে।

রায়কে ঘিরে রোববার সন্ধ্যা থেকেই সুপ্রিম কোর্ট, আইসিটি-১ এবং আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র‌্যাব, বিজিবির পাশাপাশি দায়িত্ব পালন করছে সেনাবাহিনী।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবনমুখী সড়কেও যান চলাচল সাময়িক বন্ধ রয়েছে। পথচারীদের চলাচল সীমিত করা হয়েছে।

এর আগে জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায়ের দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন মামলার অন্যতম আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হবে। এ মামলায় পলাতক রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।