Print

সারাদিন

শেখ হাসিনার রায়: জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের প্রতিক্রিয়া

প্রকাশিত: ১১:৩৭ অপরাহন, নভম্বর ১৭, ২০২৫

সারাদিন ডেস্ক

জুলাই-আগস্টের বিক্ষোভ দমনকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন।

সোমবার (১৭ নভেম্বর) দেওয়া বিবৃতিতে হাইকমিশনারের মুখপাত্র রাভিনা সামদাসানি বলেন, এই রায় মানবাধিকার লঙ্ঘনকারীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হলেও জাতিসংঘ সব পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করে।

তিনি বলেন, গত বছরের বিক্ষোভে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে আমরা আহ্বান জানিয়েছিলাম-নেতৃত্বে থাকা ব্যক্তিদেরসহ সব অপরাধীকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিচারের আওতায় আনতে হবে। ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণ নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।

জাতিসংঘ জানায়, তারা বিচার প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও সবসময়ই আন্তর্জাতিক অপরাধ মামলায় ন্যায়সঙ্গত, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ডসম্মত বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে।

মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ সত্য উদঘাটন, ক্ষতিপূরণ এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয় পুনর্মিলনের পথে এগিয়ে যাবে। নিরাপত্তা খাতে রূপান্তরমূলক সংস্কার জরুরি, যাতে অতীতের লঙ্ঘন আর পুনরাবৃত্তি না ঘটে।

বাংলাদেশের নাগরিকদের প্রতি তিনি ধৈর্য, সংযম ও শান্তি বজায় রাখার আহ্বান জানান।

Nagad
Nagad