Print

সারাদিন

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে: বিএনপি

প্রকাশিত: ১২:১৫ অপরাহন, নভম্বর ১৮, ২০২৫

সারাদিন ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দুই ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে ঘোষিত রায়কে ‘ন্যায়বিচার প্রতিষ্ঠার মাইলফলক’ হিসেবে আখ্যায়িত করেছে বিএনপি। দলটি বলছে, দীর্ঘ প্রতীক্ষার পর মানবতাবিরোধী অপরাধের বিচার পেয়ে শিকার পরিবারগুলোর ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে।

সোমবার (১৬ নভেম্বর) জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল। রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসীবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এ রায়ের মাধ্যমে গুম-খুন, বিচার বহির্ভূত হত্যা এবং ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসে’ নিহত সহস্রাধিক শহীদের আত্মা শান্তি পাবে।

মির্জা ফখরুল আরও বলেন, গত দেড় যুগে বিরোধীদলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যাপক নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। অবশেষে জনগণের আত্মত্যাগে ‘ফ্যাসিবাদী’ শাসনামলের পতন ঘটেছে।

তিনি আইনের শাসন রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি অন্যান্য মামলার অভিযুক্তদের সুবিচারের দাবি তোলে বিএনপি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Nagad
Nagad