প্রকাশিত: ৬:৫৫ অপরাহন, নভম্বর ২০, ২০২৫
সারাদিন ডেস্ক
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে ঘোষিত গণভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় আইন আগামী তিন-চার কার্যদিবসের মধ্যেই করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
আসিফ নজরুল বলেন, ‘গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি। এই সপ্তাহেই করে ফেলব। ধরেন আজ বৃহস্পতিবার, আগামী তিন-চার কার্যদিবসের মধ্যেই হয়ে যাবে।’
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে। তবে এখনো গণভোট সংক্রান্ত অধ্যাদেশ জারি না হওয়ায় প্রক্রিয়া শুরু করতে পারছে না নির্বাচন কমিশন (ইসি)।
এ বিষয়ে গতকাল বুধবার (১৯ নভেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে প্রশ্নের মুখে পড়েন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘অধ্যাদেশটা হলে তখন আমার একটা দায়বদ্ধতা আসবে এ নিয়ে বক্তব্য দেওয়ার। কীভাবে করব, কতটি ব্যালট বাক্স লাগবে-সব প্রস্তুতির কাজ আমরা অধ্যাদেশ জারি হওয়ার পরই শুরু করব।’
অধ্যাদেশ জারি না হওয়ায় ইসির করণীয় অনিশ্চয়তায় থাকলেও সরকার দ্রুত আইন প্রণয়নের আশ্বাস দেওয়ায় গণভোট আয়োজনের প্রস্তুতি এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।