প্রকাশিত: ৭:০৮ অপরাহন, নভম্বর ২০, ২০২৫
সারাদিন ডেস্ক
জুলাই অভ্যুত্থানে বর্বর হত্যাযজ্ঞের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে নতুন কূটনৈতিক ও আইনি উদ্যোগ গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
তিনি বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যাওয়ার বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে।
আইন উপদেষ্টা আরও জানান, দুজনকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘ভারতের উচিত শেখ হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের মানুষের ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে সম্মান জানানো।’
প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। রায় ঘোষণার পর থেকেই তাদের অবস্থান ও প্রত্যাবর্তন নিয়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে সরকার।