Print

সারাদিন

এআইইউবির প্রথম অংশগ্রহণেই ব্রোঞ্জ জয়

প্রকাশিত: ৯:০৭ অপরাহন, নভম্বর ২০, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ প্রথমবার অংশ নিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি)। যশোরে অনুষ্ঠিত গ্রুপ পর্বে শক্ত প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে এআইইউবি জায়গা করে নেয় চট্টগ্রামে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে।

ফাইনাল রাউন্ডে অংশ নেয় ছয়টি দল-এআইইউবি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম ডিএসএ, রাজশাহী ডিএসএ, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমানবাহিনী। চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নৌবাহিনী। সমান পয়েন্ট পেলেও হেড-টু-হেড ফলাফলে এআইইউবিকে টপকে ফাইনালে ওঠে বাংলাদেশ বিমানবাহিনী। ফলে তৃতীয় স্থান নিশ্চিত হয় এআইইউবির।

বুধবার (১৯ নভেম্বর) এআইইউবি বাস্কেটবল দল তাদের ট্রফি উপস্থাপন করে এআইইউবি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসানের নিকট। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ড সদস্য ড. কারমেন জেড. লামাগনা ও মিস শানিয়া মাহিয়া আবেদীন, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মঞ্জুর এইচ. খান, মেজর (অব.) ফাইজ-উল-বারী রাজন ও মো. জয়নাল আবেদীন।

এআইইউবির এই অর্জনের প্রশংসা করে অতিথিরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু শিক্ষায় নয়, সহশিক্ষা কার্যক্রমেও নিজেদের উৎকর্ষ প্রমাণ করে চলেছেন। দলের শৃঙ্খলা, একতা ও কঠোর পরিশ্রমের ফলেই এ সাফল্য এসেছে বলে তারা মন্তব্য করেন।