প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্, নভম্বর ২১, ২০২৫
সারাদিন ডেস্ক
চট্টগ্রাম বন্দর নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা–সংক্রান্ত চুক্তির সব ধরনের কার্যক্রম মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বন্ধ রাখতে মৌখিক নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন বেঞ্চ এ নির্দেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ আদালতকে জানায় যে তারা চুক্তি–সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ রাখবে।
এ সময় রিটকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
গত ৩০ জুলাই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও একটি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে এনসিটি পরিচালনা–সংক্রান্ত চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষে আদালত রুল জারি করেন।
রিটটি করেছিলেন বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন। রিটে এনসিটি বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের বৈধতা প্রশ্নে আদালতের নির্দেশনা চাওয়া হয়।