প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্, নভম্বর ২৭, ২০২৫
সারাদিন ডেস্ক
পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা তিনটি আলোচিত মামলার রায় ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার। মামলাগুলোর আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ৪৭ জন।
ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন গত ২৩ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেন। বেলা ১১টার দিকে মামলাটি আদালতে তোলা হবে।
মামলা তিনটিতেই শেখ হাসিনা পলাতক। জয় ও পুতুল পৃথক দুটি মামলায় আসামি এবং দুজনই বিদেশে অবস্থান করায় পলাতক হিসেবে চলছে বিচার। রাজউকের সাবেক সদস্য খুরশীদ আলম একমাত্র কারাগারে থাকা আসামি।
দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম বলেন, প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে শেখ হাসিনা, জয়, পুতুলসহ সকল আসামির বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হয়েছে। আমরা সর্বোচ্চ শাস্তি—যাবজ্জীবন কারাদণ্ড আশা করছি।
আদালতের নথি অনুয়ায়ী, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত ১৪ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আট জনের বিরুদ্ধে একটি মামলা করেন দুদকের উপপরিচালক সালাহউদ্দিন। মামলায় অপর আসামিরা হলেন—জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, রাজউক-এর সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, রাজউক-এর সাবেক সদস্য শফি উল হক, খুরশীদ আলম, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), উপ-পরিচালক নায়েব আলী শরীফ, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব শহিদ উল্লাহ খন্দকার এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
একই দিন ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনাসহ ১৫ জনের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। এছাড়া গত ১২ জানুয়ারি পূর্বাচলে ১০ কাঠার প্লট জালিয়াতির ঘটনায় দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে শেখ হাসিনা ও পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে তৃতীয় মামলাটি করেন।
গত ৩১ জুলাই আদালত তিন মামলারই অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। দীর্ঘ শুনানি, যুক্তিতর্ক ও কার্যক্রম শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা হতে যাচ্ছে, যা নজর কাড়বে পুরো দেশের।