Print

সারাদিন

শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত

প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্, নভম্বর ২৭, ২০২৫

সারাদিন ডেস্ক

জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকা থেকে পাঠানো অনুরোধ পর্যালোচনা করছে ভারত। বুধবার (২৬ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারত কোনো আনুষ্ঠানিক অনুরোধ পেয়েছে কি না-এমন প্রশ্নে জয়সওয়াল বলেন, ‘হ্যাঁ, আমরা সে অনুরোধ পেয়েছি এবং এটি পর্যালোচনা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে গঠনমূলকভাবে সব পক্ষের সঙ্গে সম্পৃক্ত থাকব।’

ঢাকা থেকে শেখ হাসিনাকে ফেরাতে দুই দফায় চিঠি পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,নোট ভারবাল আমাদের মিশনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখনও কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশা করিও না।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছিল, তার পূর্ণাঙ্গ অনুলিপি বুধবার প্রকাশ করা হয়েছে।

৪৫৩ পৃষ্ঠার এই রায়ের কপি প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আইনজীবী যায়েদ বিন আমজাদ।

Nagad
Nagad

রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর থেকে ৩০ দিনের মধ্যে আসামিদের স্বশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে আপিল করতে হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল।