প্রকাশিত: ৪:০০ অপরাহন, নভম্বর ২৭, ২০২৫
সারাদিন ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিনভাগে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্য চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ডসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরাও অংশ নেন।
ইসি সচিব জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী তিনভাবে মাঠে থাকবে- ১. স্থায়ী (স্ট্যাটিক) মোতায়েন: প্রতিটি ভোটকেন্দ্রে নির্দিষ্ট সংখ্যক নিরাপত্তাকর্মী থাকবেন। পাশাপাশি স্থায়ী ও অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করা হবে। ২. মোবাইল টিম: এলাকার ভৌগোলিক অবস্থা ও সড়ক সংযোগ বিবেচনায় মোবাইল ইউনিট বিভিন্ন কেন্দ্র ঘুরে নজরদারি করবে। ৩. কেন্দ্রীয় রিজার্ভ: প্রধান রিজার্ভ শক্তি হিসেবে একটি বাহিনী সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এ ছাড়া প্রচলিত স্ট্রাইকিং ফোর্স দ্রুত ব্যবস্থা গ্রহণে মাঠে কাজ করবে।
সচিব জানান, নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য ইসি ভবনে একটি বিশেষ পর্যবেক্ষণ সেল গঠন করা হবে। সংশ্লিষ্ট বাহিনীগুলো থেকে প্রতিনিধি যুক্ত করে এ সেলের আকার ও কাঠামো পরে নির্ধারণ করা হবে।
অপতথ্য মোকাবিলায় বিশেষ সাইবার নিরাপত্তা সেল গঠনের কথা জানিয়ে ইসি সচিব বলেন, ইউএনডিপির প্ল্যাটফর্মসহ তথ্য মন্ত্রণালয়, সিআইডি ও অন্যান্য সংস্থার সক্ষমতাকে সমন্বয় করে গণমাধ্যম প্ল্যাটফর্ম পর্যবেক্ষণ করা হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ কৌশল সম্পর্কে তিনি বলেন, তথ্য শুধু উপর থেকে নয়, বরং গ্রাউন্ড লেভেল থেকে উপরের দিকেও প্রবাহিত হবে। মাঠপর্যায়ের তথ্য থেকে দ্রুত সিদ্ধান্ত ও সমন্বয় করা হবে।
কোনো নির্দিষ্ট চ্যালেঞ্জ নেই উল্লেখ করে আখতার আহমেদ বলেন, সব এজেন্সিই সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট সংস্থা পরে এ তথ্য দেবে।
ইসি সচিব জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনামালা প্রদান করা হয়েছে। তারা নিজেদের অভ্যন্তরীণ পরিকল্পনা অনুযায়ী চূড়ান্ত মোতায়েন কাঠামো প্রস্তুত করবে।