Print

সারাদিন

হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫৫, নিখোঁজ ২৭০

প্রকাশিত: ৪:৩৫ অপরাহন, নভম্বর ২৭, ২০২৫

সারাদিন ডেস্ক

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো এলাকার বহুতল আবাসিক ভবনগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭২ জন, যাদের মধ্যে ৪৫ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। নিখোঁজ রয়েছেন আরও ২৭০ জনের বেশি।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হংকং ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী অগ্নিকাণ্ডটি ছিল গত ১৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। আগুন এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি, তবে আটটি ভবনের মধ্যে চারটির আগুন নিয়ন্ত্রণে এসেছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ‘হত্যা’র অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে দুজন একটি নির্মাণ প্রতিষ্ঠানের পরিচালক এবং একজন প্রকৌশল পরামর্শক। পুলিশের দাবি, ভবনটিতে সংস্কার কাজ চলছিল এবং জানালায় লাগানো পলিস্টাইরিন বোর্ড আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সহায়তা করেছে।

পুলিশ জানিয়েছে, ভবনের বাইরে পাওয়া জাল, সুরক্ষা সামগ্রী ও স্টাইরোফোম সামগ্রী অগ্নিনিরোধক ছিল না। বাঁশের স্ক্যাফোল্ডিংয়ের কারণে আগুন দ্রুত পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। ফলে অল্প সময়ের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়। ঘটনার পরের সকালে টাওয়ার ব্লকের কয়েকটি অংশ থেকে এখনো ধোঁয়া বের হতে দেখা গেছে। দমকল বিভাগ জানায়, পুরো আগুন নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে।

অগ্নিকাণ্ডের পর শত শত বাসিন্দাকে ভবনগুলো থেকে সরিয়ে জরুরি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। পুনর্বাসনের প্রয়োজন হলে তাদের জন্য জরুরি আবাসনের ব্যবস্থা করা হচ্ছে।

হংকং ফায়ার ডিপার্টমেন্ট আগুনটিকে ‘লেভেল-ফাইভ অ্যালার্ম’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে-যা সর্বোচ্চ সতর্কতার স্তর। ১৭ বছর পর এ ধরনের অগ্নিকাণ্ডের মুখোমুখি হলো হংকং।

Nagad
Nagad

স্থানীয় পুলিশের মুখপাত্র বলেন, নির্মাণ প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ব্যক্তিদের চরম অবহেলার যথেষ্ট প্রমাণ রয়েছে। তাদের অবহেলার কারণেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ব্যাপক প্রাণহানি ঘটে।