প্রকাশিত: ৫:২৬ অপরাহন, নভম্বর ২৭, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে করা মামলার রায়ে সরকারি প্লট বরাদ্দে মন্ত্রণালয়ের ‘বিশেষ সুপারিশের বিধান’ অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
মামলার রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৬-এর ধারা ৫(২) অনুযায়ী দোষী সাব্যস্ত করে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে পূর্বাচল নিউ টাউন প্রকল্পের ৯ নম্বর প্লটটির বরাদ্দও বাতিল ঘোষণা করা হয়েছে। প্লটটি যোগ্য আবেদনকারীকে আইন অনুযায়ী পুনর্বিন্যাস করার নির্দেশ দেওয়া হয়েছে রাজউককে।
এ মামলায় আরও ১০ জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। এর মধ্যে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক সচিব মো. শহীদুল্লাহ খন্দকার এবং সাবেক অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিনকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রাজউকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়াহকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য আসামিদের ১ থেকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ে রাজউক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিরুদ্ধে পর্যবেক্ষণে আদালত বলেছে, প্লট বরাদ্দে ধারাবাহিকভাবে নিয়ম লঙ্ঘন করে প্রভাবশালী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের সুবিধা দেওয়া হয়েছে, যা ‘এলিট ক্যাপচার’-এর উদাহরণ।
প্রাতিষ্ঠানিক অনিয়ম ও দুর্নীতি বন্ধে রাজউককে অবিলম্বে অনিয়মে জড়িত কর্মকর্তাদের অপসারণ, একটি স্বাধীন কমিটি গঠন করে সব বরাদ্দের ফরেনসিক অডিট এবং ভবিষ্যতের জন্য ডিজিটাল লটারি সিস্টেম চালুর নির্দেশ দিয়েছেন আদালত।