প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৫
সারাদিন ডেস্ক
আসন্ন নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য, অপপ্রচার ও উসকানিমূলক কনটেন্ট নিয়ন্ত্রণে বিশেষ সাইবার সিকিউরিটি মনিটরিং সেল গঠনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে চূড়ান্ত বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, ভোটের সময় সকল পরিস্থিতি ঘনিষ্ঠ পর্যবেক্ষণে রাখতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম মনিটর করা হবে। এ জন্য নতুন একটি সেল তৈরি করছে ইসি, যা সাইবার সিকিউরিটি ও অনলাইন কার্যক্রম নজরদারিতে কাজ করবে।
ইসি সচিব আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেবে এবং কমিশন মনিটরিং করবে। নির্বাচনী নিরাপত্তার জন্য তিন ভাগে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে—কেন্দ্রভিত্তিক ফোর্স, মোবাইল টিম এবং সেন্ট্রাল রিজার্ভ। পাশাপাশি সাইট ট্র্যাকিং ফোর্সও মাঠে থাকবে।
সাইবার সুরক্ষা পর্যবেক্ষণে এনটিএমসির বিশেষ অ্যাপ ব্যবহার করা হবে বলেও জানান তিনি। কতটি কেন্দ্র মোবাইল টিম পর্যবেক্ষণ করবে, তা আইনশৃঙ্খলা বাহিনী নির্ধারণ করবে। এছাড়া চিহ্নিত সন্ত্রাসীদের ওপর নজরদারি আরও জোরদার করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।
ইসির মতে, নির্বাচন শান্তিপূর্ণ ও স্বচ্ছ রাখতে মাঠপর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা আগের তুলনায় আরও শক্তিশালী করা হচ্ছে