প্রকাশিত: ৮:৩০ অপরাহন, নভম্বর ২৭, ২০২৫
সারাদিন ডেস্ক
দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’–এ পরিণত হয়েছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থান করে উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। তবে এর প্রভাব বাংলাদেশে তাৎক্ষণিক কোনো আবহাওয়া-বিপর্যয় সৃষ্টি করবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ জানান, দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলীয় অঞ্চলের সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপ, পরে গভীর নিম্নচাপ এবং শেষে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তিনি আরও বলেন, আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত–দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।
শুক্রবার (২৮ নভেম্বর)আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে শুষ্ক আবহাওয়া থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শনিবার (২৯ নভেম্বর) দেশজুড়ে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রবিবার (৩০ নভেম্বর) আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার (১ ডিসেম্বর) সারাদেশে শুষ্ক আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমবে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাতে এবং দিনে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে।
চলমান ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ বাংলাদেশের ওপর সরাসরি প্রভাব ফেলবে না, তবে তাপমাত্রা পরিবর্তন ও শুষ্কতার ধারা চলমান থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।