প্রকাশিত: ১২:২৯ অপরাহন, নভম্বর ২৮, ২০২৫
সারাদিন ডেস্ক
রাজধানীর বাজারগুলোতে শীতের সবজির সরবরাহ দিন দিন বাড়লেও দাম ক্রেতার নাগালের বাইরে রয়ে গেছে। নতুন বেগুন, শিম, ফুলকপি, বাঁধাকপি, শালগমসহ বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি দামে।
শুক্রবার (২৮ নভেম্বর) রামপুরা, মালিবাগ, শান্তিনগর ও সেগুনবাগিচা বাজার ঘুরে ক্রেতা–বিক্রেতাদের সাথে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।
বিক্রেতাদের দাবি, গত অক্টোবরের অস্বাভাবিক বৃষ্টিতে সারাদেশে শীতকালীন সবজির উৎপাদন মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। অনেক জায়গায় সবজির জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে স্থানীয় পর্যায়েও সবজির দাম চড়া অবস্থায় রয়েছে।
খুচরা বাজারগুলোতে শীতের সবজির ছড়াছড়ি-বেগুন, শিম, ফুলকপি, বাঁধাকপি, শালগম, টমেটো, গাজর, মিষ্টিকুমড়া, পালং, লাউ, মুলা—সবই পাওয়া যাচ্ছে। তবে দাম এখনও ক্রেতাদের জন্য স্বস্তির নয়।
মালিবাগ বাজারে সবজি কিনতে আসা শিহাব হোসেন বলেন, শীতের সবজি এসেছে প্রায় এক মাস হলো। কিন্তু দাম এখনো অনেক চড়া। অন্যান্য বছর এই সময়েই দাম অনেকটাই কমে যেত, এবার কমার কোনো লক্ষণ দেখছি না।
বেগুন ভালো মানের প্রতি কেজি ১০০–১২০ টাকা (সাধারণত শীতে থাকে ৪০–৬০ টাকা), ফুলকপি/বাঁধাকপি প্রতিটি ৪৫–৫৫ টাকা, শিম প্রতি কেজি ১০০ টাকা বা তার বেশি; কোথাও ৭০–৮০ টাকা, নতুন আলু প্রতি কেজি ১২০–১৫০ টাকা, বরবটি ৭০–৮০ টাকা, ঢ্যাঁড়স/পটোল ৫০–৭০ টাকা, যা আগের তুলনায় কেজিতে ১০–২০ টাকা বেশি, মিষ্টিকুমড়া প্রতিটি ৮০–১০০ টাকা, শাক প্রতি আঁটি ২০ টাকা, যেখানে সাধারণত শীতে ১০–১৫ টাকা থাকে।
কারওয়ান বাজার আড়তদার মালিক সমিতির সভাপতি মো. ইমরান মাস্টার জানান, মাসখানেক আগে হঠাৎ বৃষ্টিতে উৎপাদন ব্যাহত হওয়ায় দেশজুড়ে একসঙ্গে সবজির সরবরাহ এখনো শুরু হয়নি। আরও ৭–১০ দিন পর স্বাভাবিক সরবরাহ শুরু হলে দাম অনেকটাই কমে আসবে।
সবজির দাম চড়া থাকলেও কিছুটা কমতে শুরু করেছে দেশি পেঁয়াজের দাম। কোথাও ১২০ টাকা থাকলেও অনেক জায়গায় ১১০–১১৫ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। ফার্মের ডিম (ডজন) ১২৫–১৩০ টাকা, ব্রয়লার মুরগি (কেজি) ১৬০–১৭০ টাকা।