প্রকাশিত: ৭:৪৪ পূর্বাহ্, নভম্বর ২৯, ২০২৫
সারাদিন ডেস্ক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের লাগেজ কাটাছেঁড়া ও মালামাল চুরির অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর ব্যাখ্যা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সংস্থাটি বলছে, ক্ষতিগ্রস্ত লাগেজের ঘটনার মূল সূত্র সৌদি আরবেই।
গত ২৮ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন যাত্রী কাটা লাগেজ হাতে নিয়ে ঢাকার বিমানবন্দর কর্মীদের ওপর ক্ষোভ প্রকাশ করছেন। তবে বেবিচকের দেওয়া ব্যাখ্যায় বলা হয়, ঘটনাটি ঘটে ১৪ নভেম্বর, যেদিন সৌদি আরব থেকে আউট পাস নিয়ে ৭৮ জন বাংলাদেশি ইথিওপিয়ান এয়ারলাইন্সের ET-618 ফ্লাইটে ঢাকায় পৌঁছান।
ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজ সংগ্রহ করতে গিয়ে যাত্রীরা দেখেন-অধিকাংশ ব্যাগ কাটা, আর ভেতরের বহু মালামাল নেই। এ নিয়ে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে বিমানবন্দর কর্মীদের ওপর চড়াও হন।
বেবিচক জানিয়েছে, সাম্প্রতিক সময়েও এ ধরনের বেশ কয়েকটি ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। বিষয়টি তারা ইতোমধ্যে সৌদি কর্তৃপক্ষকে জানিয়েছে।
এয়ারলাইন্স কর্তৃপক্ষের ব্যাখ্যায় বলা হয়, আউট পাসধারী যাত্রীদের মালামাল একত্রে মাথাপিছু গড়ে ১৫ কেজি হিসেবে বুক করা হয়। এতে কোন ব্যাগে কার মালামাল ছিল, তা সুনির্দিষ্টভাবে জানা যায় না।
এ ছাড়া সৌদি ইমিগ্রেশন পুলিশ এ ধরনের যাত্রীদের বহু মালামাল জব্দ করে, যার তালিকাও এয়ারলাইন্সকে সরবরাহ করা হয় না। ফলে দেশে আসার পর যাত্রীদের সঙ্গে সমস্যার সৃষ্টি হয়।
বেবিচক জানায়, শাহজালাল বিমানবন্দরের লাগেজ হ্যান্ডলিং এলাকা পুরোপুরি সিসিটিভির আওতায় থাকায় সাধারণ যাত্রীদের ব্যাগেজ চুরি বা কাটাছেঁড়ার অভিযোগ এখন তুলনামূলক কম। কিন্তু আউট পাস যাত্রীদের ক্ষেত্রে অভিযোগ বাড়ছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব ব্যাগ সৌদি আরবের বিমানবন্দরে থাকার সময় কোনো ব্যক্তি বা এজেন্সি চুরি বা ক্ষতিগ্রস্ত করতে পারে।