Print

সারাদিন

বিজয়ের মাসে বিএনপির ‘মশাল রোড শো’ স্থগিত

প্রকাশিত: ৪:১৮ অপরাহন, নভম্বর ৩০, ২০২৫

সারাদিন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও উন্নতির দিকে না যাওয়ায় বিজয়ের মাস উপলক্ষে ঘোষিত ‘বিজয় মশাল রোড শো’ স্থগিত করেছে বিএনপি।

রোববার (৩০ নভেম্বর) নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত তিন দিন ধরে একই রকম রয়েছে। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে। আপাতত এখানেই চিকিৎসা অব্যাহত থাকবে।

গতকাল শনিবার রাত ৯টার পর এভারকেয়ার হাসপাতাল ফটকে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, যুক্তরাজ্য, সৌদি আরব, চীন ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামতের ভিত্তিতে সমন্বিতভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। সার্বক্ষণিকভাবে চিকিৎসাব্যবস্থা তদারক করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার দুই পুত্রবধূ, ছোট ভাই, স্বজন ও দলের সিনিয়র নেতাদের সহযোগিতায় চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Nagad
Nagad

হাসপাতালের সামনে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড়ের বিষয়ে রিজভী বলেন, হাসপাতালে অতিরিক্ত ভিড় সৃষ্টি হলে চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটে। এজন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে হাসপাতালের সামনে ভিড় না করতে। সবাই নিজ নিজ অবস্থান থেকে দোয়া করবেন।

তিনি বলেন, সন্তান হিসেবে তারেক রহমান উদ্বেগের মধ্যে থাকলেও সব সময় যোগাযোগ রাখছেন। যখন উপযুক্ত সময় হবে, তখনই তিনি দেশে ফিরবেন।