Print

সারাদিন

নির্বাহী বিভাগ থেকে পৃথক হলো বিচার বিভাগ, জারি সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্, december ১, ২০২৫

সারাদিন ডেস্ক

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে সম্পূর্ণ পৃথক করে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণ নিশ্চিত করার লক্ষ্যে রোববার (৩০ নভেম্বর) রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ অধ্যাদেশ জারি করে।

গত ২০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ পৃথক সচিবালয় প্রতিষ্ঠার এ অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়। এর আগে প্রধান বিচারপতির উদ্যোগে ২০২৪ সালের ২৭ অক্টোবর সুপ্রিম কোর্ট থেকে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়, যেখানে পৃথক সচিবালয়ের অর্গানোগ্রাম, রুলস অব বিজনেসের সম্ভাব্য সংস্কার এবং দায়িত্ব বণ্টন সংক্রান্ত সুপারিশ অন্তর্ভুক্ত ছিল।

সংবিধানের ১০৯ অনুচ্ছেদ অনুযায়ী অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ হাইকোর্ট বিভাগের ওপর ন্যস্ত। এই সাংবিধানিক নির্দেশনার কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা দীর্ঘদিনের দাবি ছিল বিচার বিভাগের।

অধ্যাদেশের মাধ্যমে সুপ্রিম কোর্ট এখন নিজস্ব সচিবালয় পাবে, যা প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনায় নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পুরোপুরি আলাদা করবে। বিচার বিভাগের কার্যক্রমে স্বচ্ছতা, দক্ষতা এবং স্বাধীনতা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।