প্রকাশিত: ৬:৪৭ পূর্বাহ্, december ২, ২০২৫
সারাদিন ডেস্ক
নারায়ণগঞ্জের ফতুল্লার আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয় ব্যবহার করে পাসপোর্ট নিতে এসে আজিজ খান নামে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বায়োমেট্রিক যাচাইয়ের সময় তথ্যের গরমিল ধরা পড়লে তাকে অফিসের নিরাপত্তাকর্মীরা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পাসপোর্ট অফিস সূত্র জানায়, ওই যুবক নিজেকে হাফেজ পরিচয় দিয়ে ‘আব্দুল আজিজ’ নামে আবেদন করেন। আবেদনে তার জন্মতারিখ দেখানো হয় ২০০০ সালের ১০ জানুয়ারি। বাবার নাম হাজী নজিবুল্লাহ এবং মায়ের নাম শুকরা বেগম উল্লেখ করা হয়।
তবে বায়োমেট্রিক মিলতেই তার আসল পরিচয় শনাক্ত হয়। জানা যায়, তিনি রোহিঙ্গা শরণার্থী আজিজ খান। রোহিঙ্গা ডাটাবেইস অনুযায়ী তার প্রকৃত জন্মতারিখ ২০০১ সালের ৫ জানুয়ারি। তিনি বাংলাদেশে প্রবেশ করেন ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি।
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, বায়োমেট্রিক যাচাইয়ে তার প্রকৃত পরিচয় শনাক্ত হওয়ার পরই আমরা তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করি। পাসপোর্ট একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি; এখানে কোনো ধরনের ভুয়া তথ্য গ্রহণযোগ্য নয়।