Print

সারাদিন

পরীক্ষা না নিলে শিক্ষকরা শাস্তির মুখে পড়বেন: শিক্ষা উপদেষ্টা

প্রকাশিত: ৮:০৯ অপরাহন, december ২, ২০২৫

সারাদিন ডেস্ক

মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ও টেস্ট পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্তকে সরকারি আচরণবিধি লঙ্ঘনের শামিল বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তিনি সতর্ক করে জানিয়েছেন, পরীক্ষা না নিলে সংশ্লিষ্ট শিক্ষকদের শাস্তির মুখোমুখি হতে হবে।

বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনের নামে যা করছেন, তা সরকারি আচরণবিধি লঙ্ঘনের শামিল। সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। এ কারণে শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে।’

ড. আবরার বলেন, দেশজুড়ে কোথাও পরীক্ষা হয়েছে, আবার কোথাও হয়নি—এটি একেবারেই অনভিপ্রেত। তিনি দাবি করেন, শিক্ষকরা যে নবম গ্রেড দাবি করছেন, তা সম্পূর্ণ অন্যায় এবং চাকরির শর্তবহির্ভূত।

তিনি বলেন, ‘চাকরি গ্রহণের সময় তারা জানতেন যে দশম গ্রেডেই থাকবেন। নবম গ্রেড বিসিএস অ্যাডমিন ক্যাডারের আওতাধীন। এটি আন্তঃমন্ত্রণালয় বিষয়, যাকে-তাকে এই গ্রেড দেওয়া সম্ভব নয়।’

তিনি অভিযোগ করেন, শিক্ষকরা পরীক্ষাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে শিক্ষার্থীদের ‘অস্ত্র’ বানাচ্ছেন, যা একজন শিক্ষকের জন্য চরম অনৈতিক কাজ।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আপনারা আগামীকাল থেকেই পরীক্ষা নেবেন। অন্যথায় সরকারি কর্মচারী বিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেতে হবে। এখানে কোনো আপস হবে না।’

Nagad
Nagad

তিনি আরও জানান, জেলা প্রশাসকদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়া গেছে—শিক্ষার্থী ও অভিভাবকরা পরীক্ষা দিতে আগ্রহী, কিন্তু কিছু শিক্ষক পরীক্ষা নিচ্ছেন না।

ড. আবরার শেষ পর্যন্ত স্পষ্টভাবে জানান, ‘শিক্ষকরা তাদের স্কুলে পরীক্ষা নেবেন। না নিলে শাস্তির মুখোমুখি হবেন।’