Print

সারাদিন

বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দাবিতে নতুন কর্মসূচি সাত কলেজ শিক্ষার্থীদের

প্রকাশিত: ৫:৪৯ অপরাহন, december ৩, ২০২৫

সারাদিন ডেস্ক

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারি করার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। আগামী শনিবার পর্যন্ত আলটিমেটাম দিয়ে তারা জানিয়েছেন-এর মধ্যে অধ্যাদেশ প্রকাশ না হলে রোববার (৭ ডিসেম্বর) থেকে শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচিতে যাবেন।

বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শেষে কলেজের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান।

সংবাদ সম্মেলনে আব্দুর রহমান বলেন, সাত কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত আগে নেওয়া হলেও অধ্যাদেশ জারি না হওয়ায় পরিস্থিতি জটিল হচ্ছে।

তিনি বলেন, ‘আগামী রোববার থেকে শিক্ষা ভবনের সামনে আমরা টানা অবস্থান কর্মসূচিতে থাকবো। অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে তারা মিরপুর সড়ক অবরোধ করে দুই ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থান নেন। নতুন কর্মসূচি ঘোষণার পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

এরই মধ্যে সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে তাদের একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

Nagad
Nagad

বিজ্ঞপ্তিতে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষাজীবন ও সামগ্রিক শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে।