Print

সারাদিন

এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫

সারাদিন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। হাসপাতালে পৌঁছে তিনি চিকিৎসকদের সঙ্গে খালেদা জিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

এর আগে দুপুরে যুক্তরাজ্য থেকে আসা চার সদস্যের বিশেষজ্ঞ মেডিক্যাল টিম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু করে। দলের নেতৃত্বে রয়েছেন ব্রিটিশ চিকিৎসক ড. রিচার্ড বিল।

হাসপাতাল সূত্রে জানা যায়, দলটি প্রথমে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিস্তারিত পর্যবেক্ষণ করে। পরে স্থানীয় চিকিৎসক দলের সঙ্গে তার দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনা, ঝুঁকি মূল্যায়ন, অর্গান সাপোর্ট ও পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা হয়।

এছাড়া, প্রথম দিনের কার্যক্রম হিসেবে বিশেষজ্ঞরা খালেদা জিয়ার ক্লিনিক্যাল নোট, সর্বশেষ টেস্ট রিপোর্ট এবং ব্যবহৃত সাপোর্ট সিস্টেম পর্যালোচনা করেন। তারা স্থানীয় মেডিক্যাল বোর্ডের সঙ্গে সমন্বয় করে পরবর্তী চিকিৎসা প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার অবস্থা এখনও সংকটজনক হলেও তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

উল্লেখ্য, ৮০ বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

Nagad
Nagad

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি মামলায় খালেদা জিয়ার কারাদণ্ড দেওয়া হয়েছিল। দুই বছরের বেশি সময় কারাভোগের পর সরকারের নির্বাহী আদেশে ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে মুক্তি পান তিনি। তবে বিদেশে চিকিৎসার অনুমতি তখনও পাননি।

৮ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি পুরোপুরি মুক্তি পান এবং চলতি বছরের ৮ জানুয়ারি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। চার মাস চিকিৎসা শেষে তিনি ৬ মে দেশে ফেরেন।