প্রকাশিত: ৫:২৯ অপরাহন, december ৯, ২০২৫
সারাদিন ডেস্ক
রেলওয়ে পূর্বাঞ্চলের আওতাধীন ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে। প্রায় নয় বছর পর এই অঞ্চলে ট্রেনভাড়া সমন্বয় করা হলো। সরাসরি টিকিটের দর না বাড়িয়ে পয়েন্টেজ চার্জ বা অতিরিক্ত মাশুল আরোপের মাধ্যমে নতুন ভাড়া নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। এতে ট্রেনের ধরন ও আসনভেদে সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত বাড়ছে।
২০ ডিসেম্বর থেকে নতুন ভাড়া কার্যকর হবে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য কর্মকর্তা) রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বাঞ্চলের আওতাধীন বিভিন্ন ব্রিজে যাত্রীবাহী ট্রেন চলাচলের ক্ষেত্রে অভিন্ন পয়েন্ট চার্জ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট রুটগুলোতে যাত্রীপ্রতি ভাড়া বৃদ্ধি পাবে। ভাড়া সমন্বয়ের ফলে রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের বিদ্যমান ভাড়ার মধ্যে সামঞ্জস্য তৈরি হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
ঢাকা–চট্টগ্রাম (নন-স্টপ ট্রেন ৭০১/৭০২, ৭৮৭/৭৮৮)
আগের দূরত্ব: ৩৪৬ কিমি, নতুন দূরত্ব: ৩৮১ কিমি
শোভন চেয়ার: ৪৫০ → ৪৯৫ টাকা
এসি চেয়ার: ৮৫৫ → ৯৪৩ টাকা
এসি সিট: ১০২৫ → ১১৩৩ টাকা
ঢাকা–চট্টগ্রাম (বিরতিযুক্ত আন্তঃনগর)
আগের দূরত্ব: ৩৪৬ কিমি, নতুন দূরত্ব: ৩৮১ কিমি
শোভন চেয়ার: ৪০৫ → ৪৫০ টাকা
প্রথম সিট: ৬২১ → ৬৮৫ টাকা
এসি চেয়ার: ৭৭৭ → ৮৫৭ টাকা
এসি সিট: ৯৩২ → ১০৩০ টাকা
এসি বার্থ: ১৪৪৮ → ১৫৯১ টাকা
কক্সবাজার–ঢাকা (নন-স্টপ ৮১৩/৮১৪, ৮১৫/৮১৬)
আগের দূরত্ব: ৫৩৫ কিমি, নতুন দূরত্ব: ৫৮৩ কিমি
শোভন চেয়ার: ৬৯৫ → ৭৫৪ টাকা
এসি চেয়ার: ১৩২৫ → ১৪৪৩ টাকা
এসি সিট: ১৫৯০ → ১৭২৮ টাকা
এসি বার্থ: ২৪৩০ → ২৬৪৪ টাকা
ঢাকা–সিলেট (বিরতিযুক্ত আন্তঃনগর)
আগের দূরত্ব: ৩১৯ কিমি, নতুন দূরত্ব: ৩৫০ কিমি
শোভন চেয়ার: ৩৭৫ → ৪১০ টাকা
প্রথম সিট: ৫৭৫ → ৬৩৩ টাকা
এসি চেয়ার: ৭১৯ → ৭৮৮ টাকা
এসি সিট: ৮৬৩ → ৯৪৩ টাকা
এসি বার্থ: ১৩৩৮ → ১৪৬৫ টাকা
রেলপথ মন্ত্রণালয় জানায়, পশ্চিমাঞ্চলের রুটগুলোতে পয়েন্ট চার্জ আরোপ করে ভাড়া সমন্বয় আগেই কার্যকর করা হয়েছে। এবার পূর্বাঞ্চলেও একই কাঠামো বাস্তবায়ন হওয়ায় দুই অঞ্চলের ভাড়ায় সমতা নিশ্চিত হবে।