Print

সারাদিন

পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

প্রকাশিত: ৬:১৭ অপরাহন, december ১০, ২০২৫

সারাদিন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন যুব ও ক্রীড়া, সমবায় ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় নিশ্চিত করেছে।

আজ বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে পদত্যাগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে আসিফ মাহমুদ বলেন, ‘এটা আমার বলার এখতিয়ার নেই, সেটি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হবে। একটু অপেক্ষা করতে হবে।’ তিনি আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। তবে কোন দল বা কোন আসন থেকে নির্বাচন করবেন, সে বিষয়ে কিছু জানাননি। সম্প্রতি তিনি কুমিল্লা থেকে ভোটার ঠিকানা পরিবর্তন করে ঢাকা-১০ আসনের ভোটার হয়েছেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পদে শপথ নেন আসিফ মাহমুদ। প্রথমে তিনি শ্রম উপদেষ্টা ছিলেন, পরে যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

অন্যদিকে, মাহফুজ আলম প্রথমে উপদেষ্টার মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়ক হলে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হন।

Nagad
Nagad