প্রকাশিত: ১১:২৫ অপরাহন, december ১২, ২০২৫
সারাদিন ডেস্ক
দীর্ঘ ১৮ বছরের প্রবাসজীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “দেশের মানুষের জন্য আজ একটি স্বস্তির বার্তা আছে। আমাদের দলের কোটি মানুষের প্রিয় নেতা, প্রায় ১৮ বছর নির্বাসিত জীবন কাটানো তারেক রহমান ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন।”
তিনি আরও বলেন, “গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এবং ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া সেই সংগ্রামী নেতা মাঠে ফিরলে গণতন্ত্র উত্তরণের পথে থাকা সব বাধা দূর হবে বলে আমরা বিশ্বাস করি।”
মহাসচিব জানান, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে ফেব্রুয়ারির মধ্যভাগে জাতীয় নির্বাচন করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। বৃহস্পতিবার তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচন নিয়ে থাকা শঙ্কাও দূর হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সংগঠিত ও শান্তিপূর্ণভাবে তারেক রহমানকে বরণ করে নিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন মির্জা ফখরুল।
২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের সময় গ্রেফতার হন তারেক রহমান। ২০০৮ সালে চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে যান। এরপর থেকেই তিনি সেখানে অবস্থান করছেন।