প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্, december ১৩, ২০২৫
সারাদিন ডেস্ক
রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঝালকাঠির নলছিটি পৌর এলাকার খাসমহল মহল্লায় শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান, পরিবারের কেউ বাড়িতে না থাকার সুযোগে দুর্বৃত্তরা জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। তবে কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। ঘটনার পরপরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে, হাদির অবস্থা আশঙ্কাজনক।