Print

সারাদিন

বিএনপি ছাড়ার পর জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান

প্রকাশিত: ২:০৩ অপরাহন, december ১৩, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন।

সাক্ষাৎকালে জামায়াত আমীরের উপস্থিতিতে মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবস্থানের প্রতি আস্থা প্রকাশ করেন। এ সময় তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করেন।

যোগদানের পর আক্তারুজ্জামান বলেন, ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তিনি তাঁর অবশিষ্ট জীবন উৎসর্গ করতে চান। পাশাপাশি তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্য বজায় রাখার অঙ্গীকার করেন।

জামায়াত আমীর ডা. শফিকুর রহমান তাকে আন্তরিকভাবে আলিঙ্গন করে শুভেচ্ছা জানান এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

Nagad
Nagad

উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।