Print

সারাদিন

হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

প্রকাশিত: ৪:০৯ অপরাহন, december ১৩, ২০২৫

সারাদিন ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় যারা জড়িত, তাদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আপনারা সবাই হাদির জন্য দোয়া করবেন। তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আছেন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।’

গত ৫ আগস্টের পর শীর্ষ সন্ত্রাসীদের জামিন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেসব শীর্ষ সন্ত্রাসী জামিনে বের হয়েছিল, তাদের আবারও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তার নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

এ ছাড়া জুলাই আন্দোলনে সক্রিয় যোদ্ধাদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, ‘জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Nagad
Nagad