Print

সারাদিন

নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে ঐক্যের ডাক, প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ দলের বৈঠক

প্রকাশিত: ৪:৪১ অপরাহন, december ১৩, ২০২৫

সারাদিন ডেস্ক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর হামলাকে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে নির্বাচন ও জুলাই অভ্যুত্থান বানচালের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন তিনটি রাজনৈতিক দলের নেতারা।

শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শীর্ষ নেতারা এ অবস্থান ব্যক্ত করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলা পূর্বপরিকল্পিত এবং এর পেছনে বড় ধরনের শক্তি কাজ করছে। এ হামলার উদ্দেশ্য নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করা। তিনি একে ‘সিম্বলিক আক্রমণ’ উল্লেখ করে বলেন, প্রশিক্ষিত শুটার ব্যবহার করে একটি নেটওয়ার্ক বিস্তারের ইঙ্গিত মিলেছে, যা ঐক্যবদ্ধভাবেই মোকাবিলা করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, এই মুহূর্তে দোষারোপ নয়, জাতীয় স্বার্থে ঐক্যই সবচেয়ে জরুরি। তিনি অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, পারস্পরিক দোষারোপ বিরোধীদের শক্তিশালী করছে। ক্ষুদ্র দলীয় স্বার্থে একে অন্যকে প্রতিপক্ষ বানানো বন্ধ করতে হবে এবং সব দলকে তাদের অঙ্গীকারে অটল থাকতে হবে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানকে খাটো করতে সুসংগঠিত প্রচারণা চলছে। মিডিয়া ও প্রশাসনের কিছু অংশে এ ন্যারেটিভ ছড়ানো হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এই প্রচেষ্টা থামানো না গেলে ভবিষ্যতে ক্ষমতায় আসারাও এর ভুক্তভোগী হবে।

Nagad
Nagad

প্রধান উপদেষ্টা ভবিষ্যৎ করণীয় প্রসঙ্গে বলেন, সরকারসহ সবাইকে সংযত ও ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক মতভেদ থাকবে, তবে শত্রুতা ও আক্রমণের সংস্কৃতি পরিহার করে নির্বাচনী উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে হবে।

বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাজনৈতিক হানাহানির সুযোগেই অতীতে আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে। দলগুলোকে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

বৈঠকে বিএনপির হাফিজ উদ্দিন আহমেদ, জামায়াতের এহসানুল মাহবুব জুবায়ের, এনসিপির হাসনাত আবদুল্লাহ এবং ইনকিলাব মঞ্চের আবদুল্লাহ আল জাবেরসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।