প্রকাশিত: ৪:৫০ অপরাহন, december ১৩, ২০২৫
সারাদিন ডেস্ক
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর ফেজ টু অবিলম্বে শুরু করা হবে।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি ছোট কমিটি গঠন করা হয়েছে, যারা ঝুঁকি মূল্যায়ন (অ্যাসেসমেন্ট) করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনায় জড়িত ফয়সালকে ধরিয়ে দিতে পারলে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার দেবে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এতদিন শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হতো। এখন যারা নির্বাচনে অংশ নেবেন, তারা চাইলে অস্ত্রের লাইসেন্স পাবেন। এছাড়া নির্বাচনে অংশগ্রহণকারীদের ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র যদি বর্তমানে সরকারের কাছে জমা থাকে, সেগুলো ফেরত দেওয়া হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা বিষয়ে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে এবং সরকার তার নিরাপত্তা নিশ্চিত করবে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। অপারেশন ডেভিল হান্টের পরবর্তী ধাপের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে আরও জোরালো অভিযান চালানো হবে।