Print

সারাদিন

পোস্টাল ভোটে প্রবাসী নিবন্ধন ৩ লাখ ৪০ হাজার ছাড়াল

প্রকাশিত: ৫:২১ অপরাহন, december ১৩, ২০২৫

সারাদিন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য চালু করা পোস্টাল ভোট ব্যবস্থায় নিবন্ধনের সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট নিবন্ধন করেছেন ৩ লাখ ৪০ হাজার ৫৮৫ জন প্রবাসী ভোটার।

ইসির ওয়েবসাইট (portal.ocv.gov.bd) সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। একই সময়ের মধ্যে ভোটের কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের নিবন্ধনও সম্পন্ন হবে।

ইসি কর্মকর্তারা জানান, দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিলসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন। নিবন্ধনের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে বলে জানিয়েছে কমিশন।

ইসি আরও জানিয়েছে, নিবন্ধন সম্পন্ন হলে ভোটারদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা ব্যালটে ভোট প্রদান করে নির্ধারিত খামে তা আবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত পাঠাবেন।

এদিকে, নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

Nagad
Nagad