Print

সারাদিন

বিদেশগামীদের অ্যাপোস্টিল সনদ নিয়ে প্রতারণা: সরকারের সতর্কবার্তা

প্রকাশিত: ৬:৩৩ অপরাহন, december ১৩, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের অ্যাপোস্টিল সনদ নিয়ে প্রতারণার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, একটি অসাধু চক্র ভুয়া ওয়েবসাইট ও জাল ডোমেইনের মাধ্যমে ‘অ্যাপোস্টিল সনদ’ প্রদান করার নামে প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে।

শনিবার (১৩ ডিসেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদেশগামীদের আইনসঙ্গত অভিবাসন প্রক্রিয়া সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের মাইগভ (https://www.mygov.bd
) প্ল্যাটফর্মের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাপোস্টিল সেবা চালু রয়েছে। এই সেবার আওতায় নাগরিকরা ঘরে বসেই বিভিন্ন পাবলিক ডকুমেন্ট ও সনদ অনলাইনে সত্যায়ন করতে পারছেন।

মন্ত্রণালয় জানায়, অন্তর্বর্তী সরকারের উদ্যোগে চালু হওয়া এই সেবার ফলে সময়, অর্থ ও শ্রমের ব্যাপক সাশ্রয় হচ্ছে। গত ১১ মাসে প্রায় ১৭ লাখ আবেদন নিষ্পত্তি হয়েছে, যা সেবাটির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তবে সম্প্রতি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, প্রতারক চক্র সরকার ব্যবহৃত ডোমেইনের অনুরূপ জাল ডোমেইন ব্যবহার করে ভুয়া অ্যাপোস্টিল সনদ ইস্যু করছে। এরই মধ্যে এমন দুটি জাল সার্টিফিকেট সংবলিত ওয়েবসাইট শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাল ডোমেইন বন্ধ ও প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গত আগস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশের কাছে চিঠি পাঠানো হয়। এর ফলে কয়েকটি ভুয়া ওয়েবসাইট বন্ধ করা হয়েছে এবং বাকি জাল ডোমেইন শনাক্ত ও বন্ধে কার্যক্রম চলমান রয়েছে।

সরকার সতর্ক করে জানায়, এ ধরনের প্রতারণা বাংলাদেশ সরকারের ইস্যুকৃত পাবলিক ডকুমেন্টের গ্রহণযোগ্যতা এবং নাগরিকদের বৈধ অভিবাসন প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলতে পারে। তাই মাইগভের সরকারি ওয়েবসাইট (https://www.mygov.bd
) ছাড়া অন্য কোনো সন্দেহজনক লিংক বা ওয়েবসাইটে প্রবেশ কিংবা ব্যক্তিগত তথ্য প্রদান না করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Nagad
Nagad