Print

সারাদিন

‘বিদেশে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে দালাল চক্রই সবচেয়ে বড় বাধা’

প্রকাশিত: ২:৪৪ অপরাহন, december ১৭, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বিদেশে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে দালাল চক্রই সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই খাত পুরোপুরি দালালনির্ভর হয়ে পড়েছে, যার ফলে সাধারণ মানুষ পদে পদে প্রতারণার শিকার হচ্ছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, শ্রমশক্তি রপ্তানির পুরোটাই দালাল বেষ্টিত। পদে পদে দালালদের প্রতারণার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই খাতকে দালালমুক্ত করতে না পারলে কোনো উন্নতি সম্ভব নয়।

সংযুক্ত আরব আমিরাতে আটক বাংলাদেশি শ্রমিকদের মুক্তির প্রসঙ্গ তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, তারা অনেক কষ্ট করে বিদেশ গেছেন। সেখানে আইন অমান্য করলে কী শাস্তি হতে পারে-সব জেনেও তারা দেশের জন্য আইন ভেঙেছেন। পরে আমি ওই দেশের সরকারকে অনুরোধ করি, তারা শ্রমিকদের মুক্তি দেয়।

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফরে এলে জানতে পারেন, মেয়াদ শেষ হওয়ায় প্রায় ১৭ হাজার শ্রমিক মালয়েশিয়া যেতে পারেননি, যদিও তারা সব প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন। ‘আমি তাকে অনুরোধ করি শ্রমিকদের নিতে। পরে মালয়েশিয়া সফরে গিয়ে দেখি, পুরো ব্যবস্থাটাই দালাল ও সিন্ডিকেটে ভরা। সরকার এখান থেকে অনেক দূরে-এটাই বিদেশে যেতে চাওয়া মানুষের দুর্ভাগ্য,’ বলেন ড. ইউনূস।

জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, জাপান সরকার শ্রমিক চাহিদার কথা জানালেও বাংলাদেশ থেকে তুলনামূলকভাবে কম শ্রমিক নেওয়া হচ্ছে। ‘নেপাল থেকে তারা ৭ হাজার শ্রমিক নিয়েছে, বাংলাদেশ থেকে মাত্র ২ হাজার। আমি বলেছি, আমরা এক লাখ লোক দিতে পারি-শুধু ভাষা শিখলেই তারা সেখানে কাজ করতে পারবে।’

Nagad
Nagad

তিনি আরও বলেন, জাপানের অনেক শহরে ট্যাক্সি বন্ধ হয়ে গেছে চালক না থাকায়, বিপুল পরিমাণ জমি জনশূন্য পড়ে আছে। “তারা আমাদের বলেছে-লোক পাঠান, যাতে আমরা চাষাবাদ করতে পারি, অর্থনীতি সচল রাখতে পারি।”

ড. ইউনূস বলেন, ‘পৃথিবীতে এখন তারুণ্যের অভাব। আর আমরা তারুণ্যের খনি। এই তরুণ জনশক্তি সোনার চেয়েও দামী। সারা পৃথিবীকে আমাদের কাছে আসতেই হবে-এত তরুণ আর কোথাও নেই।’

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের কল্যাণে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও সংস্কারমূলক পদক্ষেপের কথা তুলে ধরেন।