Print

সারাদিন

২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা, চলবে ১৫ মার্চ পর্যন্ত

প্রকাশিত: ৮:৫৬ অপরাহন, december ১৭, ২০২৫

সারাদিন ডেস্ক

ভাষার মাস ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। সময়সূচি নিয়ে জটিলতার অবসান ঘটিয়ে আগামী বছরের বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি এবং চলবে ১৫ মার্চ পর্যন্ত।

বুধবার (১৭ ডিসেম্বর) বাংলা একাডেমির এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। একই দিন বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বাংলা একাডেমির পরিচালকবৃন্দ, প্রকাশক প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলা একাডেমি জানায়, সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন আগামী বছরের ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময় অনুযায়ী মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

বাংলা একাডেমি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী বইমেলা আয়োজনের মাধ্যমে পাঠক, লেখক ও প্রকাশকদের অংশগ্রহণে এবারের মেলা আরও প্রাণবন্ত হবে।

Nagad
Nagad